বার্তা সংস্থা আবনা : এক সপ্তাহর ব্যবধানে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন ইস্যুতে অবস্থান পাল্টে ফেলেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ড। কানাডার পত্রিকায় প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি লিখেছেন, যেসব ইরানি উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন, কানাডা তাদের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে।
ইরানিরাই কেবল তাদের নির্বাচনের তাত্পর্য উপলব্ধি করতে সক্ষম হবে তিনি মন্তব্য করেন। নির্বাচন উপলক্ষে তিনি ইরানিদেরকে শুভেচ্ছাও জানিয়েছেন। এর মধ্যদিয়ে তিনি তার গত ১৬ জুনের বক্তব্য থেকে পুরোপুরি সরে আসলেন। সে সময় তিনি নির্বাচন সম্পর্কে বিরুপ মন্তব্য করে বলেছিলেন, ইরানের নির্বাচন পুরোপুরি অর্থহীন।
ওই মন্তব্যের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস আরাকচি কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ডের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, ওই মন্ত্রী এর আগেও বহুবার এ ধরনের মন্তব্য করেছেন। কানাডার পররাষ্ট্রমন্ত্রীর বিরূপ মন্তব্যের পর দেশটির বিরোধী দল ও ইরানি নাগরিকরা ক্ষুব্ধ হয়ে উঠে। অবশেষে চাপের মুখে নিজের অবস্থান পাল্টাতে বাধ্য হলেন কানাডার পররাষ্ট্র মন্ত্রী।
গত ১৪ জুন ইরানে ১১তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ৭২.২ শতাংশ ভোট পড়েছে।